Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুবিতে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী গ্রেপ্তার

এর আগে, অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও তার স্নাতক সনদ স্থগিত করা হয়

আপডেট : ১৪ মে ২০২৫, ০১:৫৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করা হয়।

সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৩ মে) বিকেলে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত নোমানের বিরুদ্ধে পাওয়া তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

একইসঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না আসা পর্যন্ত নোমানের স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে প্রভাষক সাকির ওপর হামলা করেন নোমান। এতে গুরুতর আহত হন সাকি।

ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হামলার প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

 

   

About

Popular Links

x