রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় বাসের ধাক্কায় কাজী ইউসুফ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) বিকেলে মিরপুর রোডের খালেক পেট্রোল পাম্পের সামনে রাস্তায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার পর কাজী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে যান স্থানীয় লোকজন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাজী ইউসুফ মাদারীপুর সদর উপজেলার চকগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি দারুসসালাম এলাকায় ছেলে মনির হোসেনের সঙ্গে থাকতেন।
নিহতের ছেলে বলেন, “বাবা হাটতে বের হয়েছিলেন। পরে সংবাদ পাই, যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, “নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”



