Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মে মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৫৬

একই সময়ে সারাদেশে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় অন্তত ৬১৪ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:১১ পিএম

২০২৪ সালে মে মাসে সারাদেশে  ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৯.০২%, নিহতের ৪১.৬৯%। একই সময়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন)সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটির মে মাসের দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে দেশের সংবাদমাধ্যমে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত এবং ১১৯৬ জন আহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।

এছাড়া রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৩৫ জন এবং নৌপথে সাতটি দুর্ঘটনায় নয় জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে মে মাসে দুর্ঘটনা ঘটেছে অন্তত ৬৫২টি। এসব ঘটনায় অন্তত ৬৫৮ জন নিহত এবং ১২১০ জন আহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এই সময়ে ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৯.০২%, নিহতের ৪১.৬৯%।

সবচেয়ে বেশি ১৩৯টি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, তাতে ১৪৮ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম, ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।

সড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে পেশাজীবী হিসেবে সবচেয়ে বেশি রয়েছেন চালক। যাদের সংখ্যা ১৪২ জন। এছাড়া ৯৫ জন পথচারী, ৬৬ জন শিক্ষার্থী, ৫৯ জন নারী, ৫৪ জন শিশু এবং ৩৪ জন পরিবহন শ্রমিক রয়েছেন।

দুর্ঘটনায় পড়া যানবাহনগুলোর মধ্যে ২৯.৪১% মোটরসাইকেল, ২২.৫৩% ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১২.৪৮% বাস, ১৪.১৭% ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬.৬৬% সিএনজিচালিত অটোরিকশা, ৯.৩১% নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫.৩৯% কার-জিপ-মাইক্রোবাস।

মোট দুর্ঘটনার ৪৯.০৭% গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৪.৯৫% মুখোমুখি সংঘর্ষ, ২০.১০% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, চাকায় ওড়না পেছিয়ে ০.৩৩%, এবং ০.৫০% ট্রেন-যানবাহনের সংঘর্ষ।

সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

   

About

Popular Links

x