রাজধানী ঢাকার শাহবাগে ছুরিকাঘাতে মোবারক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনাট ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৬টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই রবিউল জানিয়েছেন, তারা শাহবাগ এলাকায় মেট্রোরেল নিচে ভাসামান হিসেবে বসবাস করেন।
তিনি দাবি করে, নবী নামে এক যুবক মোবারকের কাছে পাঁচ হাজার টাকা পায়। সেই টাকা আদায়ে নবীর নির্দেশে জনৈক রাতুল, রাজুসহ কয়েকজন মিলে রবিবার বিকেলে মোবারককে ধরে শাহবাগে শিশু পার্কের পাশে নিয়ে যায়। সেখানে তারা মোবারককে মারধরের পর ছুরিকাঘাত করে বলে অভিযোগ তার খালাতো ভাইয়ের।
আরেকটি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এবং হামলাকারীরা ভাসমান মাদক বিক্রেতা। মাদক বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে শাহবাগ থানা কাজ করছে।



