Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণের অভিযোগে শাবির দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:২১ পিএম

সহপাঠী নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত আদনান ও স্বাগত দাস পার্থ।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদনের পর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১৯ জুন রাতে অভিযুক্ত শান্ত ও স্বাগতকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানায়, গত ২ মে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয় ওই নারী শিক্ষার্থীকে। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেছেন, পরে সেখানে তাকে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনায় ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থী। অভিযোগ পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেয় এবং পুলিশকে জানানো হয়।

২০ জুন ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালী থানায় মামলা করেন আটক দুইজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে। ২৩ জুন আদালত অভিযুক্ত শান্ত ও স্বাগতর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

   

About

Popular Links

x