Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ

এই ঘটনায় শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেছেন ওই নারী

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৪১ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেছেন ওই নারী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে; মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় বেশ সমালোচনা শুরু হয়।

অভিযুক্ত ফজর আলী (৩৮) বাহেরচর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফজর আলী কোনো রাজনীতির দলের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলেনি। তবুও সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

থানায় দায়ের করা অভিযোগ ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।

ওই নারী বলেন, “টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে।”

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। বাদির স্বাস্থ্য পরীক্ষাও শেষ। তবে আসামি পলাতক রয়েছে। অভিযুক্ত ফজর আলীর কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি বলেন, “এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।”

   

About

Popular Links

x