Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাকার লোভ দেখিয়ে মানসিক ভারসাম্যহীন শিশুকে ‘ধর্ষণ’

এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:১৪ পিএম

ফরিদপুর সদর উপজেলায় টাকার লোভ দেখিয়ে ১০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০ জুন) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মামা বাদী হয়ে সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এই তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।

গ্রেপ্তার দুইজন হলেন- উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমর আলী (৪৮) এবং জেলা শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা মো. জুয়েল (২৪)।

মামলার এজাহারে বলা হয়েছে, টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে ইজিবাইকে করে দূরে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওমর আলী ও জুয়েলকে আটক করে থানায় খবর দেয়। পরে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আসাদউজ্জামান বলেন, “ওমর আলী ওই শিশুটিকে ধর্ষণ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আর তাকে সহায়তা করেন জুয়েল। দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x