কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে হতাহত ব্যক্তিদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদে ডুবে যায়। পরে রাত ১২টার দিকে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা-পুলিশ। রাত আড়াইটার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের লাশ বাসের জানালায় ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আরেক যাত্রীর লাশ বাসটির নিচে চাপা পড়ে ছিল।
চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ‘‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। পরে চিরিংগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে গুরুতর আহত অবস্থায় ৬ জন যাত্রীকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়াও দুজনকে বাসের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম এখনও জানা যায়নি। যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল।’’



