পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকায় চলছে পাঁচ দিনব্যাপী "পাহাড়ি ফল মেলা"। রাজধানীর বেইলি রোডে পার্বত্য কমপ্লেক্সে আজ শনিবার (৫ জুলাই) রাত আটটায় শেষ হচ্ছে এই মেলা।
মেলায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা সংস্থা ও উদ্যোক্তারা পাহাড়ি অঞ্চলে উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফল, প্রাকৃতিক খাদ্যপণ্য ও হস্তশিল্প সামগ্রী নিয়ে অংশ নিচ্ছেন।
মেলায় পাওয়া যাচ্ছে লংগান, আনারস, রাঙগুই আম, চিয়াংমাই আম, কিং অব চাকাপাদ আম, লাল ড্রাগন ফল, বড় আকারের লটকন, পাকা পেঁপে, কাউফল, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন জাতের রসালো ফল।
এ ছাড়া পাহাড়ে উৎপন্ন বিন্নি চাল, জুমের চাল, বাঁশের কোরল, জুমের মিষ্টিকুমড়া, পাহাড়ি কাজুবাদাম, আচার, পাহাড়ি মরিচ, পাহাড়ি মধু, চিংড়ির বালাচাও, পাহাড়ি নারকেল, তেজপাতা, শুকনা রোজেলাসহ নানা রকম পাহাড়ি খাবার; যা স্টল ও মান ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছ।
এর আগে, ১ জুলাই বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মেলা উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান- বিজয় সরণি, সার্ক ফোয়ারা, রমনা পার্ক, বেইলি রোডের পশ্চিম পাশে রমনা পার্ক সংলগ্ন ও পূর্ব পাশে অফিসার্স ক্লাব সংলগ্ন, টিএসসি ও দোয়েল চত্বরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স-এর সম্মুখে একটি বেলুন স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করেছিল কৃষি মন্ত্রণালয়। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে খোলা মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।



