রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করে আড়াই থেকে তিন গুণ বেড়ে গেছে। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা, কারওয়ান বাজার ও হাজিক্যাম্প বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকা দরে, যেখানে তিন দিন আগে ছিল ৬০ থেকে ১০০ টাকা কেজি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমলেও রবিবার থেকে আবার বাড়তে পারে।
বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কমার পাশাপাশি পাইকারি আড়তদাররাও দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় তিন গুণ বেড়ে গেছে, যা ভোক্তাদের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।



