Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, অন্তঃসত্ত্বা নারী নিহত

যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ছিল মোটরসাইকেলটি

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম

রাজধানীর হানিফ ফ্লাইওভারে “মঞ্জিল পরিবহনের” বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে জব্দ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে গুলিস্তান বরাবর হানিফ ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মেহেরুন্নেসা ঝুমি (২২)। এই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলচালক কলিম উল্লাহ (২৬)।

মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

মেহেরুন্নেসার স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া থানার গাগড়া গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ। বর্তমানে সাদ্দাম মার্কেট শহর পল্লী, মাতুয়াইল মুসলিম নগর পরিবার নিয়ে থাকতেন। মুনজারিন নামে চার বছর বয়সী এক মেয়ের জননী ছিলেন তিনি।

নিহতের স্বামী কালিমুল্লাহ বলেন, “স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে দ্রুতগতিতে এসে মঞ্জিল পরিবহনের বাসটি আমাদের মোটরসাইকেল এবং আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী ছিটকে পড়ে। আমিও আহত হই। রানা নামে আরেকজনও গুরুতর আহত হন।”

মো. ফারুক জানান, আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

   

About

Popular Links

x