রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. হারুন (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে রামপুরার উলন রোডে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
হারুনের গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি উলন রোডের নির্মাণাধীন ওই বাড়িতেই ভাড়া থাকতেন।
হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম। তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “বেলা ২টার দিকে তিনতলা বাড়িটির ছাদের অংশ বর্ধিত করার কাজ চলছিল। ঢালাইয়ের প্রস্তুতির (সেন্টারিংয়ের কাজ) সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান হারুন।”
তিনি আরও বলেন, “হারুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”



