গোপালগঞ্জে কারফিউ অমান্য ও হামলা-সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বৃহস্পতিবার সকালে বিষযটি নিশ্চিত করেছেন।
এদিকে, কারফিউ ঘোষণার পর বুধবার রাতের গোপালগঞ্জ ছিল অনেকটাই ভূতুড়ে নগরী। সীমিত আকারে রিকশা চলাচল করলেও দেখা যায়নি অন্যকোনো যানবাহন। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হননি সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকালেও রাস্তাঘাট অনেকটা ফাঁকা। বন্ধ রয়েছে দোকানপাট। জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত, অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে।



