সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৮ জন রোগী। এছাড়া পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৮ জন। বরাবরের মতো বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১১৬ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ জন। ঢাকা বাদে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০২ জন।
এতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫১.৭% পুরুষ এবং ৪৮.৩% নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৬,২৮১ জন। এর মধ্যে ৪১.৩% নারী এবং ৫৮.৭% পুরুষ।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। ২৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ১.৯৮%।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯৬ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ২৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সারাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯,৫২৬ জনে ঠেকেছে।



