Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, করোনাভাইরাস শনাক্ত ২ জনের

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬১ জনে

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন রোগী। এছাড়া, দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে সারাদেশে ১০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৫,১১৭ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৬,৩৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১ জনের।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২.৩৮%। গতকাল শনাক্তের হার ছিল ১.৯৮%।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯,৫২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

   

About

Popular Links

x