Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

এই বিক্ষোভের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। এই বিক্ষোভের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তারা এই বিক্ষোভ করেন।

ভিডিওতে দেখা যায়, সরকারি কলেজের গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এক পাশে টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন। তাদের কয়েকজনের মাথায় হেলমেট পরা। মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে কয়েকটি বাস নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু এই ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেছেন।

জানতে চাইলে তিনি মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে বলেন, “গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা আজ হরতালের ডাক দিয়েছেন। এটির সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছেন- এমন খবর পেয়ে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

   

About

Popular Links

x