Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার 

পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। 

 রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রবিবার রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত বুধবার (১৬ জুলাই ) এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে জেলা প্রশাসন।

এর পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। মাঝে ৩ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউর সময় বাড়ানো হয়। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। পরে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে আজ রবিবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসক। 

জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

   

About

Popular Links

x