Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় যুদ্ধবিমানটি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম

উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতলা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।" 

আরও জানানো হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ এ্যাম্বুলেন্স এর সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিমান বাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে।

এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করে হতাহতদের সর্বাত্মক চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছে।

   

About

Popular Links

x