Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসনাত: স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায়

জনগণের টাকায় পাওয়া বেতন কোষাগারে ফেরত দিয়ে পদত্যাগের দাবি জানান হাসনাত

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি ড. মোহম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় এসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘‘আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। উনি ড. মোহম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় এসেছেন। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা।’’

তিনি বলেন, ‘‘আমি আগেও বলেছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখছেন, উনার কাজকর্ম নেই। যে বেতন তিনি নিচ্ছেন, সেটা সম্পূর্ণ হারাম হবে। তিনি যেই গাড়িতে চড়েন, সেটি সরকারের টাকায়; এটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। তিনি কিছুই বুঝেন না। তিনি স্বাস্থ্যব্যবস্থা বোঝেন না, চিকিৎসাও বোঝেন না। তার ইনস্ট্রুমেন্টাল জ্ঞান নেই। তার একমাত্র যোগ্যতা, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ড. মুহাম্মদ ইউনূস তার একজন ঘনিষ্ঠ মানুষ। এটাই তার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কী করব?” 

তিনি আরও বলেন, ‘‘দুঃখজনক বিষয় হলো, উনি নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যান। এখন আমরা এ কথা বললে রাগ হয়। ওনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, এরপর তিনি আমাদের সঙ্গে আর কথা বলেন না।’’

স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে জনগণের টাকায় পাওয়া বেতন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন হাসনাত।  

   

About

Popular Links

x