Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষার্থীদের সংঘর্ষের ৫ মাস পর কুয়েটে ক্লাস শুরু আগামীকাল

শিক্ষকদের আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে শিক্ষক সমিতি

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর ২৯ জুলাই (মঙ্গলবার) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। দীর্ঘদিন পর ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে, গত দুই দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা যোগ দেবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, “শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছে, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। এজন্য ২৯ জুলাই থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। ২৮ জুলাই সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করলো।

   

About

Popular Links

x