কুমিল্লার বুড়িচংয়ের একটি বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহকর্তা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার রামপুর এলাকার সাত্তার ভিলা নামের একটি বাড়ির তৃতীয় তলার কক্ষ থেকে উদ্ধার করা হয় মা ও মেয়ের নিথর দেহ।
নিহতরা হলেন, জাহেদা আক্তার ও তার মেয়ে মিশু আক্তার (১৫)। মরদেহ উদ্ধার করা কক্ষ থেকে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, পরিবারটি অনেক ঋণগ্রস্ত ছিল। তাদের পারিবারিক কলহ ছিল নিয়মিত। ঘটনার পর থেকে জাহেদার স্বামী মীর হোসেন পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্ত ছাড়া ঘটনাটি হত্যাকাণ্ড কি না বলা যাচ্ছে না।



