Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করেছে ঢাবি

শুক্রবার বিষয়টি জানাজানি হয়

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যোগ্যতা পূরণ না করে “ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন” (ডিবিএ) ডিগ্রি অর্জনের ঘটনার সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি অর্জন নিয়ে উচ্চতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় ওই কমিটির প্রতিবেদন তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বেনজীরের ডিগ্রি স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি পূর্ণাঙ্গভাবে যাচাই করতে এই উপ-উপাচার্যকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উচ্চতর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন অনুযায়ী, বেনজীর আহমেদের ভর্তি ফরমে নথির ক্রমিক নম্বর ৫৪-এ নীল কালিতে ফরম পূরণ করা হয়; কিন্তু তার শিক্ষাগত ডিগ্রি বিএ (পাস) ঘরে কালো কালিতে মোট নম্বর লিপিবদ্ধ করা হয়। অনুচিত সুবিধা নেওয়ার জন্য বেনজীর ফরমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তথ্যানুসন্ধান কমিটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিবিএ রুলস অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েটে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক; কিন্তু বেনজীর আহমেদের সেই শর্ত পূরণ না হওয়ায় ভর্তির যোগ্যতা পূরণে ব্যর্থ হন তিনি।

   

About

Popular Links

x