সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকার দুটি গুরুত্বপূর্ণ স্থানে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রযেছে। এর ফলে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া একইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান রয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুর ২টায় শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ এবং বিকেল ৩টায় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ করবে।
এদিকে, এই সমাবেশ উপলক্ষে ঢাকার কিছু কিছু সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে "ছাত্র সমাবেশ" অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকেল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত "জুলাই ঘোষণাপত্র ও সনদের" দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করবে। সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা ঘটিকা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট "জুলাই জাগরণ" অনুষ্ঠান চলমান রয়েছে। এছাড়াও আগামীকাল ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপরোক্ত সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষ্যে শাহবাগ, শহীদমিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে উক্ত এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকা মহানগরবাসীকে বর্ণিত এলাকাসমূহ এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টসমূহে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক সমূহ
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও ক্রসিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।
কাটাবন মোড়: সাইন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক হতে আগত যানবাহনসমূহ কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনসমূহ মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (মগবাজার রোড) হয়ে চলাচল করবে। অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।
টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্ত্বর ক্রসিং থেকে আগত যানবাহনসমূহকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্ত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।
শহিদ মিনার সংলগ্ন রাস্তা: শহিদ মিনার সংলগ্ন রাস্তাসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো
সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ: সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীগণকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, উল্লিখিত বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।



