Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ই-লোন: ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ৫০ হাজার টাকা ঋণ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে

আপডেট : ১১ মে ২০২৬, ১০:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে গ্রাহকেরা ব্যাংকে না গিয়েই ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ বা ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। আর এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। 

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। 

ব্যাংকগুলো এই ঋণের ক্ষেত্রে বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ করতে পারবে। যদি কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন সুবিধার আওতায় এই ঋণ দেয়, তবে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহক নির্বাচন থেকে শুরু করে ঋণ বিতরণ এবং আদায় সব প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে শেষ করতে হবে। ঋণ আবেদনের ক্ষেত্রে গ্রাহকের সশরীরে উপস্থিত থেকে সই করার প্রয়োজন হবে না; বরং বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা যাবে।  

সার্কুলারে বলা হয়, গ্রাহকের ডেটা বা তথ্য সুরক্ষায় ওটিপি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার বাধ্যতামূলক করা হবে। ব্যক্তিগত ও ঋণ সংক্রান্ত সব তথ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা ডেটা ওয়্যারহাউজে সংরক্ষণ করা থাকবে। 

বাণিজ্যিকভাবে এই ঋণ চালুর আগে ব্যাংকগুলোকে অন্তত ৬ মাস পরীক্ষামূলক বা পাইলটিং কার্যক্রম চালাতে হবে এবং মূল্যায়ন রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। 

আপাতত রিয়েল-টাইম সিআইবি (গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো) সুবিধা না থাকা পর্যন্ত ঋণ অনুমোদনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে। তবে ঋণ বিতরণের পর অবশ্যই সিআইবি রিপোর্ট সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। সিআইবি রিপোর্টের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না বলে জানানো হয়। 

তবে, কোনো অবস্থাতেই খেলাপি ঋণগ্রহীতাদের এই ঋণ সুবিধা দেওয়া যাবে না। যদি কোনো গ্রাহক তথ্য গোপন করে ঋণ নেন এবং পরবর্তীতে সিআইবি রিপোর্টে তা ধরা পড়ে, তবে ব্যাংককে তাৎক্ষণিকভাবে সেই ঋণ সমন্বয় করতে হবে। 

ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে গ্রাহকদের মধ্যে এ ধরনের ঋণের চাহিদা বাড়ছে, যা প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।  

   

About

Popular Links

x