Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজও সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন

আপডেট : ২৬ মে ২০২৬, ১১:১৫ এএম

ঈদ-উল-আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে টানা সাত দিনের ছুটিতে দেশের ব্যাংকগুলো বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকছে।

তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

এই শাখাগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। আর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন।

এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক সার্কুলারে নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে টানা ছুটির মধ্যেও পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ব্যাংকিং কার্যক্রম সচল থাকবে। 

নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে। 

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির সময়ও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও নির্দেশনায় বলা হয়েছে। 

   

About

Popular Links

x