দেশের স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বড় ধরনের বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা দেশের মোট জিডিপির ১ দশমিক ০৯ শতাংশ।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০.৫৮ শতাংশ। সে হিসেবে নতুন বাজেটে এ খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য চিকিৎসা-কেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থায় রূপান্তর ঘটানো। এ লক্ষ্যে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, “স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধাপে ধাপে বৃদ্ধি করে দ্রুতই তা দেশের জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।“



