Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাই যোদ্ধাদের সহায়তা বাজেট কমলো ৩০০ কোটি টাকা

দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:১১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসাসেবা প্রদানে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০৫ কোটি ২০ লাখ টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরে বৃদ্ধি পেয়ে ৫০৫ কোটি ২০ লাখ টাকায় উন্নীত হয়েছিল। তবে নতুন অর্থবছরে এই বরাদ্দ কমে দাঁড়িয়েছে ২১০ কোটি ৮৬ লাখ টাকায়। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে বরাদ্দ কমেছে প্রায় ২৯৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৩০০ কোটি টাকা।

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি এবং ঋণের সুদ পরিশোধের চাপের কারণে আগামী অর্থবছরে সরকারি ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তবে অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে। একই সঙ্গে মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত সরকারের বাজেট নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।

সরকারের দাবি, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য অর্জনের ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বৃহৎ বাজেট প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ। যদিও গত তিন বছর ধরে প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে অবস্থান করছে। অন্যদিকে বিশ্বব্যাংক আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা।

   

About

Popular Links

x