Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়ালো

একই সময়ে দৈনিক লেনদেনের গড় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩ হাজারে 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের গড় সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।

দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বৃদ্ধির ফলে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আরও সুবিধাজনক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।

এর আগে, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

জুলাই মাসের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

এদিকে, বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

   

About

Popular Links

x