Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার অবরুদ্ধের নির্দেশ

হাইকোর্টের দেওয়া অবরুদ্ধের আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

ইসলামী ব্যাংকে এস আলম সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১.৯২% শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

তিনি আরও জানান, অন্তর্বর্তী আদেশের অংশ হিসেবে হাইকোর্ট ওই ২৪ প্রতিষ্ঠানের নামে ৮১.৯২% শেয়ার ৩ মাসের জন্য ফ্রিজ বা অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার 'ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো' (আইইআরবি) এ রিট দায়ের করেছিল।

রিটে বলা হয়, আইন অনুযায়ী কোনো একই গ্রুপ বা পরিবারের হাতে একটি ব্যাংকের ১০%-এর বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকে এস আলম সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে মোট ৮১.৯২% শেয়ার ধারণ করছে।

এর আগে, গত বছর ইসলামী ব্যাংকের এস আলম সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার-পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

   

About

Popular Links

x