বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় জ্বালানি তেলের দামে এ উল্লম্ফন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ২.৭৭% বা ২.৯০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে উঠেছে।
একই সময় যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২.২৭% বা ২.২৭ ডলার বেড়ে ১০২.৩২ ডলারে দাঁড়িয়েছে। বাজার খোলার সময় তেলের দাম ৩%-এর বেশি বেড়েছিল।
সৌদি আরবে নতুন করে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবরের পাশাপাশি দেশটির একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
গত এক সপ্তাহে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্টের দাম এক সপ্তাহে প্রায় ৮% বেড়েছে।
এর ফলে জুলাইয়ের পর প্রথমবারের মতো দুই প্রধান ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।
এর মধ্যে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেয়। ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়।
প্রসঙ্গত, প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মধ্য দিয়ে সৌদি আরবের তেল লোহিত সাগরের দিকে নেওয়ার গুরুত্বপূর্ণ পথ। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় গত ছয় মাস ধরে বৈশ্বিক বাজারে সৌদি তেল সরবরাহের জন্য পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে পাইপলাইন দিয়ে প্রতিদিন ৪০ লাখ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪% থেকে ৫%।



