Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক

একই সময়সীমার জন্য সব ধরনের শেয়ার কেনাবেচা ও লেনদেন বন্ধ থাকবে

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ছুটির কারণে আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত সাধারণ ব্যাংকিং লেনদেন ও শেয়ার কেনাবেচা সম্পূর্ণরূপে স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত তিন দিন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটির কবলে পড়ছে দেশের আর্থিক খাত। তবে দীর্ঘ এই ছুটির আগে লেনদেন সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) বিশেষ বিবেচনায় দেশের সব ব্যাংক খোলা রাখা হয়েছিল এবং সাধারণ কর্মদিবসের মতো স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়।

ছুটিকালীন সাধারণ ব্যাংকিং সেবা বন্ধ থাকলেও বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক রাখতে বন্দর এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দরসংলগ্ন কাস্টমস ও বন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে একই সময়সীমার জন্য দেশের দুই শেয়ারবাজার: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের শেয়ার কেনাবেচা ও লেনদেন বন্ধ থাকবে। আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে পুনরায় ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

   

About

Popular Links

x