আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য হ্রাসের প্রেক্ষিতে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের এ নতুন ঘোষণা দেয়। আজ সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবরও এক দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা (কমল ১,৬৯১ টাকা)।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা (কমল ১,৫৭৫ টাকা)।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, প্রকাশিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে বিক্রয়কালে নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে।
স্বর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।



