Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদেশি ব্যাংকের জন্য স্বর্ণ সংরক্ষণসেবা চালু করলো সিঙ্গাপুর

মঙ্গলবার মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর (এমএএস) নতুন এ সেবা চালুর ঘোষণা দেয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

আন্তর্জাতিক স্বর্ণবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিদেশি কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্বর্ণ সংরক্ষণসেবা চালু করেছে সিঙ্গাপুর। দেশটির জাতীয় মুদ্রা সংরক্ষণাগারে প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫০০ টন স্বর্ণ রাখার সুবিধা থাকবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক নিয়ন্ত্রক সংস্থা মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর (এমএএস) নতুন এ সেবা চালুর ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, চাহিদা বাড়লে স্বর্ণ সংরক্ষণের সক্ষমতাও বাড়ানো হবে।

এমএএসের বিবৃতি অনুযায়ী, নতুন এ সেবার আওতায় বিদেশি কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলো সিঙ্গাপুরে নিরাপদে নিজেদের স্বর্ণের মজুত রাখতে পারবে।

পাশাপাশি এসব প্রতিষ্ঠানের স্বর্ণসংক্রান্ত সেবা দেওয়া সিঙ্গাপুরভিত্তিক নির্বাচিত বুলিয়ন ব্যাংকগুলো বিশেষ ‘গোল্ড কাস্টডি অ্যাকাউন্ট’ বা স্বর্ণ সংরক্ষণ হিসাব খোলার সুযোগ পাবে।

এশিয়ায় স্বর্ণ কেনাবেচা ও সংরক্ষণসেবার চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক বাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে বৈশ্বিক স্বর্ণবাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় সিঙ্গাপুর।

এর আগে গত জুলাইয়ে হংকং স্বর্ণ লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে। আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যে কয়েকটি বড় ব্যাংকের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে সিঙ্গাপুরে বাণিজ্যিকভাবে ২ হাজার টনের বেশি স্বর্ণ সংরক্ষণের সক্ষমতা রয়েছে। বুলিয়ন ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অতি ধনী ব্যক্তিরা এই সুবিধা ব্যবহার করেন।

আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিলে স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও নিজেদের আন্তর্জাতিক রিজার্ভের অংশ হিসেবে স্বর্ণের মজুত রাখে।

এশিয়ার অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র সিঙ্গাপুর বৈশ্বিক স্বর্ণবাজারে নিজেদের ভূমিকা আরও বাড়াতে চায়। তবে দীর্ঘদিন ধরে এ বাজারে লন্ডন ও নিউইয়র্কের মতো প্রতিষ্ঠিত বাণিজ্যকেন্দ্রগুলোর আধিপত্য রয়েছে।

গত জুনে সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়ং বলেছিলেন, “বিশ্বজুড়ে ভোক্তাদের স্বর্ণের বার্ষিক চাহিদার প্রায় ৭০% এশিয়ার। এ কারণে বিশ্ব  স্বর্ণবাজারের কেন্দ্র ক্রমেই এশিয়ার দিকে সরে আসছে।”

তিনি জানান, গত বছর স্বর্ণের বার ও কয়েন কেনার ক্ষেত্রে চীন ও ভারত সবচেয়ে বেশি অবদান রেখেছে।

তবে এশিয়ায় স্বর্ণের চাহিদা বেশি হলেও এ অঞ্চলের বাজার অবকাঠামো সেই তুলনায় এখনও পিছিয়ে রয়েছে। এ কারণে এশিয়ার সময় অনুযায়ী আন্তর্জাতিক স্বর্ণ লেনদেনের ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন গান কিম ইয়ং।

এদিকে এমএএস জানিয়েছে, দেশটির অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে স্বর্ণের পাইকারি বাজারের কয়েকটি কার্যক্রমে পণ্য ও সেবা করের (জিএসটি) অব্যাহতির সুযোগ বাড়ানো হবে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে স্বর্ণ সংরক্ষণ, পরিশোধন, বিশুদ্ধতা পরীক্ষা ও কেনাবেচার মধ্যস্থতা। আগামী বছরের এপ্রিল থেকে এ সুবিধা কার্যকর হওয়ার কথা রয়েছে।

এমএএসের ভাষ্য, এসব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়িত হলে সিঙ্গাপুরে আরও শক্তিশালী ও প্রাণবন্ত স্বর্ণবাজার গড়ে তোলার ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে এশিয়ার লেনদেনের সময় স্বর্ণের সঠিক বাজারদর নির্ধারণ এবং বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনাও সহজ হবে।

এছাড়া সিঙ্গাপুর এক্সচেঞ্জ ও ছয়টি প্রতিষ্ঠাতা ক্লিয়ারিং ব্যাংক মিলে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) স্বর্ণ লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে এ ব্যবস্থায় সরাসরি লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।

   

About

Popular Links

x