একমাস সময় বাড়ানোয় আয়কর রিটার্ন দাখিলে নতুন সময়সীমা এখন ৩১ শে ডিসেম্বর পর্যন্ত
করোনাভাইরাস মহামারির কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও একমাস বাড়ানো হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এর আগে গত রবিবার (২৯ নভেম্বর) তিনি বলেছিলেন, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। একমাস সময় বাড়ানোয় আয়কর রিটার্ন দাখিলে নতুন সময়সীমা এখন ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।
চলতি বছর মহামারিজনিত কারণে দেশব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হতে পারেনি, তবে কর মেলায় বিদ্যমান সমস্ত সুবিধাই কর অঞ্চলগুলোতে দেওয়া হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত প্রায় ১৩.২ লক্ষ রিটার্ন দাখিল করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৯.৮% বেশি।
এনবিআর জানিয়েছে, এ পর্যন্ত ২,৩০৮ কোটি টাকার কর পরিশোধ করা হয়েছে, গত বছর ২,৫৮০ কোটি টাকা ছিল।
১৬ কোটি জনসংখ্যার মাত্র ৪৬ লাখ নাগরিকের করদাতা সনাক্তকরণ নম্বর রয়েছে। এরমধ্যে মাত্র ২০ লাখ প্রতিবছর রিটার্ন দাখিল করেন।
মতামত দিন