Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঋণের ৫০ মিলিয়ন ডলার শোধ করেছে শ্রীলঙ্কা

চুক্তি অনুযায়ী ২০২২ সালের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ ২০০ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা ছিল

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৩১ পিএম

দেশের অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশের থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের  মধ্যে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা।

সোমবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, “শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন ডলারের ঋণের মধ্যে আমরা প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছি। এই মাসের শেষের দিকে তাদের আরেকটি কিস্তি দেওয়ার কথা। আমরা আশা করছি তারা এই বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করবে।”

শ্রীলঙ্কা ২০২১ সালে কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে তিন মাসের মধ্যে পরিশোধের শর্তে ঋণ নিয়েছিল। কিন্তু তারা সময়মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় এবং দ্বীপ রাষ্ট্রটি অভ্যন্তরীণ আর্থিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ঋণ পরিশোধের সময় বাড়াতে চায়। ফলে বাংলাদেশ কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়। এরপর একই বছরের ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় আরও ১০০ মিলিয়ন ডলার এবং নভেম্বরে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেয়।

চুক্তি অনুযায়ী ২০২২ সালের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ ২০০ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হয় দেশটি।

   

About

Popular Links

x