সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় তিনি বলেন, “দেশে সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটি মানুষের মধ্যে সাংঘাতিক রকম সাড়া ফেলেছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি মানুষের রেজিস্ট্রেশন হয়ে গেছে। লাখেরও বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন আছে। কিন্তু উদ্যোগটির বিপক্ষে নেতিবাচক প্রচারনা চালানো হচ্ছে।”
তিনি বলেন, “সরকার কি করেছে, কি করতে যাচ্ছে, মানুষ কীভাবে উপকৃত হবে এ ব্যাপারটা জনগণের কাছে উপস্থাপন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ যাতে জেনেশুনে, বুঝে পেনশন স্কিমে অংশ নেয়। কোনো অপপ্রচারে যেন তারা প্রভাবিত হতে না পারে সেদিকে সবাইকে নজরদারি করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেউ এটা নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। যাতে এটা ব্যাপক প্রচার পায় এবং জনগণ সচেতন হয়’।”
যারা অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “এটা নিয়ে আলাদা কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই।”



