নন-আইটি খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের আয় করা অর্থের ওপর ১০% কর দিতে হবে। তবে যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তারা এর আওতার বাইরে থাকবেন।
রবিবার (১ অক্টোবর) বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
এর আগে ১২ সেপ্টেম্বর কর আদায় বিষয়ে নির্দেশনা চেয়ে কর অঞ্চল-১১ এর কমিশনারের কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ (সোমবার) এ নির্দেশনা দেয়।
কর কমিশনারের চিঠিতে বলা হয়েছে, “আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা দেওয়ার সময় ১০% হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।”
এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, আইটি ফ্রিল্যান্সারদের যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন); ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ওয়েবসাইট ডেভেলপমেন্ট; ওয়েবসাইট সার্ভিস; ওয়েব লিস্টিং; আইটি প্রসেস আউটসোর্সিং; ওয়েবসাইট হোস্টিং; ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স; গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিস (জিআইএস); আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; কল সেন্টার সার্ভিস; ওভারসিজ মেডিকেল ট্রান্সক্রিপশন; সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস; ডকুমেন্ট কনভার্সন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইডিং, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং; ক্লাউড সার্ভিস; সিস্টেম ইন্টিগ্রেশন; ই-লার্নিং প্লাটফর্ম; ই-বুক পাবলিকেশন; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও সাইভার সিকিউরিটি সার্ভিস নিয়ে কাজ করেন, তাদের আয় করমুক্ত থাকবে।
এনবিআরের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, দেশে বসে বিদেশে কনসালটেন্সি, বিদেশে কোনো লেখা প্রকাশ বা বিদেশে দেওয়া বক্তৃতা থেকে পাওয়া অর্থের ওপর এই ১০% কর প্রযোজ্য হবে।



