Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মূল্যস্ফীতির চাপ সামলাতে কর্মীদের বেতন বাড়াচ্ছে সিটি ব্যাংক

ন্যূনতম ১০,০০০ টাকা থেকে শুরু হবে ইনক্রিমেন্ট

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

দেশে চলমান মূল্যস্ফীতি সামলাতে বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক।

এ লক্ষ্যে সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১৬২ কোটি টাকার বার্ষিক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) অনুমোদন করেছে; পিএমপি সমন্বয় এবং বোনাসসহ ২০২৫ সালের শেষ নাগাদ যা দাঁড়বে মোট ৩০০ কোটি টাকায়।

এ পদক্ষেপের ফলে আগামী বছরের মধ্যে ব্যাংকের মোট বেতন ব্যয় বাবদ খরচ হবে বার্ষিক ১,২১০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যতার ভিত্তিতে বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের ব্যাংকটি। যেসব কর্মীর বেতন বর্তমান বাজার বিবেচনায় উল্লেখযোগ্যভাবে কম, তারা এই পদক্ষেপের আওতায় উচ্চহারে ইনক্রিমেন্ট পাবেন; আর যাদের বেতন বর্তমান বাজার গড়ের কাছাকাছি, তারা তুলনামূলক কম পরিমাণে ইনক্রিমেন্ট পাবেন।

বেতন কাঠামো পুনর্গঠনে যা থাকছে

  • এও থেকে এসইও গ্রেড: ইনক্রিমেন্ট হবে ১০% থেকে ৫০% পর্যন্ত, গড় হবে ২৮%।
  • এভিপি থেকে এসভিপি গ্রেড: ইক্রিমেন্ট হবে পারফর্ম্যান্স বা কর্মদক্ষতা-ভিত্তিক
  • এভিপি থেকে ভিপি: ৫% থেকে ৩৫%, গড় ১৮%।
  • এফভিপি থেকে এসভিপি: ৩% থেকে ২৫%, গড় ১৩%।
  • ন্যূনতম বৃদ্ধি: বর্তমান বেতনের পরিমাণ নির্বিশেষে সকল কর্মীর জন্য ন্যূনতম ১০,০০০ টাকা ইনক্রিমেন্ট।
  • সাপোর্ট এবং আউটসোর্সড স্টাফ: সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে ১০% ইনক্রিমেন্ট বা ৫,০০০ টাকার মধ্যে যেটি বেশি হবে, সেটি পাবেন। আউটসোর্স কর্মীরাও মাসিক ৫,০০০ টাকা ইনক্রিমেন্ট পাবেন।

নতুন বেতন কাঠামো ২০২৪ সালের ১ নভেম্বর তারিখ থেকে কার্যকর হবে। কর্মীরা নভেম্বরের বকেয়াসহ ডিসেম্বরে নতুন নির্ধারিত হারে বেতন পাবেন।

বিষয়টি নিয়ে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের কর্মীরাই সিটি ব্যাংকের মেরুদণ্ড। বাজার মানের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে, কারণ আমরা এমন একটি কর্মক্ষেত্র তৈরি করতে চাই, যেখানে সবার উন্নতি হবে।"

ব্যাংকটির এমডি এবং সিইও মাশরুর আরেফিন বলেন, “আমরা বিশ্বাস করি, একটি কর্মোদ্যমী ও অনুপ্রাণিত ওয়ার্কফোর্স গ্রাহকদেরকে আরও উন্নত সেবা দেবে এবং এতে করে আমাদের শেয়ারহোল্ডাররা আরও ভাল ফলাফল পাবেন।”

   

About

Popular Links

x