ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে ৮৭.৫৩ রুপি। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরে অবশ্য রুপির মান কিছুটা বেড়েছে।
গত সোমবার প্রথমবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ৮৭ রুপি পেরিয়ে যায়। এর পর থেকে ধারাবাহিকভাবে রুপির দরপতন হচ্ছে। বাজারের নিয়ম অনুযায়ী কখনো বাড়ছে আবার কখনো কমছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
রুপির দরপতন নিয়ে ভারতের সংশ্লিষ্ট মহলের আশঙ্কা তৈরি হয়েছে। রুপির এমন দরপতনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্পের বাণিজ্যযুদ্ধের সম্পর্ক আছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডলার চাঙা হওয়ায় কয়েক মাস ধরেই রুপির দরপতন হচ্ছে। ভারতে বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত শেয়ার বিক্রিও এর অন্যতম কারণ। তবে চলমান সপ্তাহে রুপির এই দরপতনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির যোগ আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের কারণে সব উন্নয়নশীল দেশের মুদ্রাই দুর্বল হয়েছে। ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপের পাশাপাশি ভারতের বাজেটও দায়ী। বিদেশি বিনিয়োগকারীদের তা আকৃষ্ট করতে পারেনি। ফলে তাদের শেয়ার বিক্রিতে ডলারের চাহিদা বেড়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র যত নিষেধাজ্ঞা দেবে, ততই অন্যান্য দেশের মুদ্রার সাপেক্ষে ডলার শক্তিশালী হবে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা।
এদিকে বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হওয়ার সঙ্গে বিশ্ববাজারে স্বর্ণের দামও বাড়ছে। প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ২,৮৭০ ডলারের কাছাকাছি।



