ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে গেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিটি সত্য নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকিং) প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’সহ একাধিক ফ্যাক্টচেকার।
অনুসন্ধানে দেখা গেছে, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, বরং ‘অক্সফোর্ড বাংলা সোসাইটি’ নামের একটি স্বাধীন সংগঠনের আমন্ত্রণে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির ডিবেটিং চেম্বারে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন।
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং খোদ সাদিক কায়েমের একটি ভিডিও বক্তব্যে দাবি করা হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ আমন্ত্রণে তারা যুক্তরাজ্য সফরে গেছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষার্থী সংবাদমাধ্যম ‘Cherwell’-এ প্রকাশিত প্রতিবেদন এবং অক্সফোর্ড ইউনিয়নের নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘অক্সফোর্ড ইউনিয়ন’ একটি সম্পূর্ণ স্বাধীন বিতর্ক সংগঠন। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো অংশ নয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এটি পরিচালিত হয় না। যদিও এই সংগঠনটি মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এবং বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক মঞ্চ হিসেবে পরিচিত।
অক্সফোর্ড বাংলা সোসাইটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের তথ্য অনুযায়ী, উক্ত অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম ছাড়াও বক্তা হিসেবে নাবিলা ইদ্রিস ও আলিয়ার রহমানের নাম ছিল। অনুষ্ঠানের নিবন্ধন ফরমেও স্পষ্টাক্ষরে লেখা ছিল, “Oxford Union-Bangla Society Bangladesh Panel: Meet and Greet”।
সার্বিক তথ্য-প্রমাণ ও অনুসন্ধান শেষে ফ্যাক্টচেকাররা নিশ্চিত করেছেন যে, হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড ইউনিয়নের একটি কক্ষে একটি স্বাধীন সংগঠনের প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন। ফলে ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণে’ তারা যুক্তরাজ্য সফরে গেছেন বলে যে দাবিটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।



