Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিবৃতি

উপাচার্যকে পুনর্বহাল ছাড়া কোনো বিকল্প সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে জানান শিক্ষার্থীরা

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:২৮ এএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১১ ও ১২ অক্টোবর, দুই দিনের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই দায়িত্ব প্রদান সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (১০ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে শিক্ষার্থীরা সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য শেখ শরীফুল আলমকে “বিতর্কিত” উল্লেখ করে বলেন, “চুয়েটের চলমান সংকট নিরসন এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের এক দফা দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত আছে।”

বিবৃতিতে বলা হয়, যে উপাচার্যের নিয়োগ ও অবস্থান শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন, তার দেওয়া কোনো দায়িত্বই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের সাময়িক দায়িত্ব প্রদান চলমান সংকটের সমাধান তো করবেই না, বরং সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সায়েমকে পুনর্বহাল ছাড়া অন্য কোনো বিকল্প সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা।

বিবৃতিতে অধ্যাপক আরাফাত রহমানের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়, তিনি যেন এই দায়িত্ব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত দাবির প্রতি শ্রদ্ধা রেখে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকেন, যা সংকটকে দীর্ঘায়িত করতে পারে।

বিবৃতির শেষ অংশে শিক্ষার্থীরা বলেন, “আমাদের দাবি এক, অবস্থান এক, প্রত্যাখ্যানও স্পষ্ট।” ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ১০ অক্টোবর বিকেলে ঢাকা যাচ্ছেন। সভা চলবে ১১ ও ১২ অক্টোবর। ওই সময়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে ৯ অক্টোবর একটি ই-মেইল বার্তার মাধ্যমে অধ্যাপক আরাফাত রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়। উপাচার্য ১৩ অক্টোবর কর্মস্থলে ফেরা পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী, উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব সাধারণত অনুষদের ডিনদের দেওয়া হয়। এবার অনুষদীয় ডিনের দায়িত্বে না থাকা যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপককে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের নানা মহলে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপাচার্য শেখ শরীফুল আলম বলেন, “যেকোনো একজন অধ্যাপককে দায়িত্ব দিলেই চলে। ডিনদেরকেই দিতে হবে এমন কোনো নিয়ম নেই।”

গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও এখনো ক্যাম্পাসে আসেননি নবনিযুক্ত উপাচার্য। জানা গেছে, বর্তমানে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। সায়েম ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তাকে অপসারণের সিদ্ধান্ত আসে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক আন্দোলনে নামেন। সেই আন্দোলনের কারণে নিয়মিত একাডেমিকসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

   

About

Popular Links

x