চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই প্রশাসনিক ভবনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাউজানে অবস্থিত চুয়েট ক্যাম্পাসে যান উপাচার্য। ভবনের সামনের দরজায় থাকা তালা ভেঙে ভবনের ভেতর প্রবেশ করেন। পরে তিনি নিজ দপ্তরে যান।
জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের দরজায় দেওয়া তালা ভেঙে তিনি নিজের দপ্তরে যান। এ সময় চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ দিন ধরে চুয়েটে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তাকে অপসারণের সিদ্ধান্ত আসে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।



চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিবৃতি