ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আপিল বিভাগের নতুন সিদ্ধান্ত

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। 

সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

আদালতের এ সিদ্ধান্তের ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা নিতে পারবে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।