Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ সাত কলেজের সামনের সড়ক অবরোধের কর্মসূচি শিক্ষার্থীদের

নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম

শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, পুলিশের একপেশে আচরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদেরের বিচারের দাবিতে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শেষে রাত ৩টার দিকে সাত কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়

কর্মসূচির অংশ হিসেবে সাত কলেজের সামনের সড়কে আজ (সোমবার) সকাল ৯টা থেকে অবস্থান নেবেন এসব কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা।

কর্মসূচি ঘোষণার সময় সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলাকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্ত প্রো-ভিসিকে পদত্যাগ করতে হবে।

তারা জানান, আজ সকাল ৯টা থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা সাতটি পয়েন্ট অবরোধ করবে। ঢাবির অধীনে সাত কলেজের আর কোনো পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশেরও বিচার করতে হবে। এসব দাবি মানা না হলে সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি চলবে।

সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ৭ কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি। উল্টো ধারণ-ক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি। সব শেষ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) আমাদের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এর প্রতিবাদে আমরা নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ সম্মিলিতভাবে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।”

এর আগে পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ। এ ঘটনায় তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সোমবার সন্ধ্যা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ এবং সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন।

নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এ ধাওয়া চলে দিবাগত রাত পৌনে ২টা পর্যন্ত। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

দুই পক্ষকে নিবৃত্ত করতে মাঝে অবস্থান নেয় পুলিশ। এ সময় সাত কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়। পরে পুলিশকে সহায়তা করতে চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। একপর্যায়ে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আর সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। পরে রাত পৌনে তিনটার দিকে অবস্থান ছেড়ে নিজেদের ক্যাম্পাসে ফিরে যান।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এর আগে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আজ সোমবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

   

About

Popular Links

x