নিত্যপণ্যের দামবৃদ্ধির নানা ধরনের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। এর মধ্যেই সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি; এর সমাধান হিসেবে দাম বাড়লেই পণ্য বয়কট করে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।
ডিমের দাম বাড়ানোর প্রতিবাদে তিনি মঙ্গলবার (১৬ আগস্ট) ফেসবুকে লিখেছেন, “একদিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন। দেখবেন এর দাম কমে গেছে, চলেন তাই করি।”
তার এমন বক্তব্য ডিমসংশ্লিষ্ট অনেক খামারিই প্রতিবাদ করেছেন। চটেছেন সাধারণ মানুষও। রাজওয়ানুল হক রাজু নামের এক ব্যক্তি সানির স্ট্যাটাসে লেখেন, “প্রিয় অভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপরে না হয় এমন পোস্ট দিয়েন। খামারিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগির ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা, সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা।”
তিনি আরও লিখেছেন, “ভাই আপনার জ্ঞানের পরিধিটা আরেকটু বাড়ালে এটাও বুঝতে পারবেন যে, ডিম ১ সপ্তাহের মধ্যে পচে যাওয়া কিংবা নষ্ট হয় না।”
তার মতো অনেকেই এমন প্রতিবাদী মন্তব্য করেছেন। তবে বিষয়টিতে কিছুটা নমনীয় হয়ে প্রত্যুত্তর দিয়েছেন নায়কও।
সানি লিখেছেন, “আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে। অবশ্যই আপনাদের লাভ চাই আমরা।” পরে এ নায়কই কমেন্ট বক্সেই কাঁচামালের দাম দ্রুত কমানোর দাবি করেন।



