Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্লাকে টিকিট কেটে ১২০০ দর্শকের সঙ্গে ‘পরাণ’ দেখলেন শরিফুল রাজ

রাজ জানান, তিনি, পরিচালকসহ দর্শক বেশে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পর শোনেন আগেই কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হয়ে গেছে। পরে ব্ল্যাকে টিকিট কেটে হলে ঢোকেন

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:৪৭ এএম

এ সময়ের ঢাকাই শোবিজ মাতিয়ে রেখেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। একর পর এক দর্শকপ্রিয় সিনেমা নিয়ে বার্তা দিচ্ছেন ঢালিউড শাসনের।

তার অভিনীত ও রায়হান রাফি পরিচালিত “পরাণ” মুক্তির ৮ সপ্তাহ চলছে। এরমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের কথা বহুবার জানা গেছে। টিকিট না পেয়ে হতাশ হয়ে অনেককে ফিরে আসতেও হয়েছে।

এবার নিজের সিনেমা দেখতে গিয়ে টিকিট না পেয়ে “ব্লাক” এ টিকিট কেটে সিনেমাটি দেখলেন শরিফুল রাজ ও পরিচালক।

শুক্রবার (২৬ আগস্ট) চিত্রনায়ক তার ফেসবুক প্রোফাইলে লিখেন, “জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা ‘পরাণ’র অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো। সঙ্গে ‘পরাণ’র  পরিচালকও।”

ওই ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি। ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে মধুমিতা হলের মূল ফটকের সামনের ঘটনা। রাজের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক। রায়হান রাফির মুখেও মাস্ক। তাদের চেনার কোনো উপায় নেই। তারা বাইরে দুজনের সঙ্গে টিকিট নিয়ে দরদাম করছেন। এরপর ২৫০ টাকা করে এক হাজার টাকা দিয়ে চারটি টিকিট কিনে ভেতরে গেলেন।

শরিফুল রাজ জানান, তিনি, পরিচালকসহ দর্শক বেশে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পর শোনেন আগেই কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হয়ে গেছে। পরে ব্ল্যাকে টিকিট কেটে হলে ঢোকেন।

তিনি বলেন, “শো হাউসফুল। অষ্টম সপ্তাহে এসেও ‘পরাণ’ হাউসফুল। একসময় জীবনে ব্ল্যাকে টিকিট কেটে অনেক সিনেমা দেখেছি। আজ সেই স্মৃতি মনে পড়ে গেল। সিনেমা হলে বাংলা সিনেমার সত্যিকারের ফিল পেয়েছি আজ। সবচেয়ে বড় কথা, নিজের সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হবে, জীবনেও ভাবিনি।”

এর আগে মধুমিতা হলে এক সপ্তাহ চলার পর ‘পরাণ’ নেমে যায়। শুক্রবার থেকে দ্বিতীয়বার মধুমিতা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

শো শুরু হওয়ার ১০ মিনিট আগে হলে যাওয়ার কারণে টিকিট না পেয়ে বাধ্য হয়ে ব্ল্যাকে টিকিট কাটার কথা জানান “পরাণ”র পরিচালক রায়হান রাফি।

তিনি বলেন, “প্রায় দুই মাস হয়ে গেল ছবিটি মুক্তি পেয়েছে। এই হলে দ্বিতীয়বারের মতো উঠেছে ছবিটি। বলতে পারেন, এটি পুরোনো ছবি। তারপরও হাউসফুল। আমি অবাক হয়েছি। শুনেছি, হলটির ১ হাজার ২০০ সিট। এত বড় হল, তা–ও হাউসফুল। কিছু দর্শকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কেউ ‘পরাণ’ তিন–চারবার দেখেছেন।”

গত ১০ জুলাই মুক্তি পায় “পরাণ”। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্সসহ দেশের ৩৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সেলিম, নাসির উদ্দিন, সোহেল মণ্ডল প্রমুখ।

   

About

Popular Links

x