Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিনেমা দেখে ইমন বললেন সারাদেশে ‘বীরত্ব’ হাউসফুল চলছে

ইমন বলেন, সকালের শো-তে যে চারটি টিকিট বিক্রি হয়েছে এ জন্য আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ছবিতে সকালের শো-তে দর্শক হয় না। ইভিনিং শো সব জায়গায় ভালো যায়। আজকে তো আমরা বেশ হাউসফুলই দেখলাম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ পিএম

সম্প্রতি মুক্তি পেয়েছে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা নিপুনের “বীরত্ব”। সিনেমাটি দেখতে পরিচালক সাইদুল ইসলাম রানা ও অন্যান্য কলাকুশলীরাসহ নিপুনরা বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর সাধনা সিনেমা হলে যান। তবে দুপুরের মো দেখার জন্য সেসময় পর্যন্ত কেউ টিকিট কাটেননি।

ইমন ও নিপুন হলের সামনে গেলে তাদের দেখতে ভিড় জমান উৎসুক জনতা। এরপর তারা হলে প্রবেশ করলে সিনেমাটি চালানো হয়। তখনো মাত্র ১৫টি টিকিট বিক্রি হয়। এর আগে বীরত্ব ছবির সকালের শো-তে মাত্র চারটি টিকিট বিক্রি করে হল কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট।

বিকেলের শো-তে দর্শকদের সঙ্গে হলে কিছুক্ষণ সিনেমা দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুন।

এ সময় চিত্রনায়ক ইমন বলেন, “বীরত্ব ছবিটি সারাদেশে হাউসফুল যাচ্ছে। দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।”

সাংবাদিকরা ইমনকে প্রশ্ন করেন, আপনি জানালেন বীরত্ব ছবি সারাদেশে হাউসফুল যাচ্ছে। কিন্তু এই হলে সকালের শো-তে মাত্র চারটি টিকিট বিক্রি হয়েছে। আর দুপুরের শোতে আপনারা হলে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত একটি টিকিটও বিক্রি হয়নি। এ বিষয়ে কী বলবেন?

উত্তরে ইমন বলেন, “সকালের শো-তে যে চারটি টিকিট বিক্রি হয়েছে এ জন্য আলহামদুলিল্লাহ। কারণ সকালের শো-তে কেউ আসে না। অনেক বড় বড় ছবিতে সকালের শো-তে দর্শক হয় না। ইভিনিং শো সব জায়গায় ভালো যায়। আজকে তো আমরা বেশ হাউসফুলই দেখলাম। তো এভাবে যদি সব জায়গাতেই ভালো যায় ওইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া।”

ইমন-নিপুন/ সংগৃহীত

সাধনা সিনেমা হলের অপারেটর হাসান আল মামুন বলেন, “হলে দর্শক খুবই কম। বুধবার বীরত্ব সিনেমার সকালের শোতে মাত্র চারটি এবং দুপুরের শোতে নায়ক-নায়িকা আসার পর ১৫টি টিকিট বিক্রি হয়েছে।”

জানা গেছে, ৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে নাটকীয়তা, ক্রাইম, থ্রিলার ঘরানার ছবি “বীরত্ব”। পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম ছবি। পিং পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও নিশাত নাওয়ার সালওয়া। তারা দুজনে রয়েছেন চিকিৎসকের ভূমিকায়। এটি সালওয়ার অভিষেক সিনেমা। ইমনের সঙ্গেও প্রথমবার।

এছাড়াও, সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, তানভীর রিজভী, জেসমিন আক্তার ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকে।

   

About

Popular Links

x