Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানি চিকিৎসকের সঙ্গে প্রতারণা করে দোদি ফায়েদের প্রেমে জড়ান ডায়ানা

গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া এই সিরিজে বহু নতুন চরিত্র তুলে ধরা হয়েছে, এতে রানী দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের বর্ণনা ও প্রিন্সেস ডায়ানাকে কেন্দ্র করে হওয়া রাজনীতি উঠে এসেছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত “দ্য ক্রাউন” ওয়েব সিরিজের পঞ্চম পর্ব মুক্তি পেয়েছে। এবারের মৌসুমে প্রিন্সেসের সঙ্গে পাকিস্তানি চিকিৎসক ডা. হাসনাত খানের “মহান প্রেমকাহিনী”র নানা দিক উঠে এসেছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ প্রতিবেদনে ওয়েব সিরিজটির খুঁটিনাটি তুলে ধরেছে।

খবরে বলা হয়, গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া এই সিরিজে বহু নতুন চরিত্র উঠে এসেছে। এতে রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের বর্ণনা ও প্রিন্সেস ডায়ানাকে কেন্দ্র করে আবর্তিত রাজনীতির বিষয়বস্তু উঠে এসেছে।

বিবিসির সাংবাদিক মার্টিন বশিরকে ১৯৯৬ সালে দেওয়া ডায়ানার সাক্ষাৎকার ও তৎকালীন সময়ে পত্র-পত্রিকার লেখালেখিকে একত্র করে এই ওয়েব সিরিজ নির্মাণ করা হয়েছে। ওই সাক্ষাৎকারে ব্রিটিশ-পাকিস্তানি সার্জন হাসনাত খানের সঙ্গে সম্পর্কের কথাও জানান ডায়ানা। সিরিজে হাসনাত খানের চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন সাঈদ। এতে দেখা যায়, দুজনের মধ্যে অন্তরঙ্গ প্রেমের নানা ঘটনা। একই সময়ে ব্রিটিশ রাজপরিবারে ভেতরে এ নিয়ে চলমান দ্বন্দ্ব।

কে এই হাসনাত খান?

মিশরীয় চলচ্চিত্র প্রযোজক দোদি ফায়েদের সঙ্গে ডায়ানার সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে অনেকেরই হয়তো হাসনাত খানের সঙ্গে ব্রিটিশ রাজকুমারীর সেই “মহান প্রেমকাহিনী''র কথা মনে নেই। ১৯৯৫ সালে বন্ধু ওনাঘ টফলোর সূত্রে হাসনাত ও ডায়ানার দেখা হয়েছিল।”

২০২১ সালে ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত ডায়ানার সঙ্গে তার সম্পর্কের নানান কথা তুলে আনেন অকপটে। তিনি জানান, “হাসপাতালে দেখা করার পরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এরপর তারা দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যান।”

ডা. হাসনাত খান ও প্রিন্সেস ডায়ানা/ সংগৃহীত

দ্য গার্ডিয়ান বলছে, “একজন মুসলিমকে বিয়ে করার জন্য কী কী প্রয়োজন এবং বিয়ে পড়ানোর মাওলানা খুঁজতে ডায়ানা নিজের সহকারী বাটলার পল বারেলকে দায়িত্ব দিয়েছিলেন। এমনকি তার ছেলে উইলিয়াম এবং হ্যারির সঙ্গেও হাসনাত খানকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নিজে হাসনাতের পাকিস্তানের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন।”

ডায়ানা হাসনাত খানকে বিস্ময়কর মানুষ হিসেবে বর্ণনা করতেন। যদিও পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। কারণ হাসনাত চাইতেন না তার ব্যক্তিগত জীবন নিয়মিত জনসাধারণের কাছে বারবার উঠে আসুক। এরপরেই ডায়ানা দোদি ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে শুরু করেন।

মার্কিন ম্যাগাজিন ভোগকে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত খান বলেছিলেন, “আমাদের বিয়ে নিয়ে আমার প্রধান উদ্বেগ ছিল ডায়ানার পরিচয়। কারণ তাকে বিয়ে করলে অন্যরা আমার জীবনকে নরক করে তুলত।”

তিনি বলেন, “আমি জানতাম আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারব না। এমনকি আমাদের বাচ্চা হলেও আমি তাদের কোথাও নিয়ে যেতে বা তাদের সঙ্গে স্বাভাবিক কাজ করতে পারব না।”

গোপন অভিসার ও প্রতারণা

দোদি ফায়েদের সঙ্গে প্যারিসে যাওয়ার আগের রাতে কেনসিংটন প্যালেসে ডায়ানার সঙ্গেই ছিলেন হাসনাত খান।

তিনি বলেন, “কয়েক দিন পর, আমি অনুভব করলাম কিছু ভুল ছিল। এরপর তাকে আমি আর ফোনে পাচ্ছিলাম না। কারণ জানতে চাইলে ডায়ানা জানান, নেটওয়ার্ক না থাকার কারণে সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।”

হাসনাত বলেন, “পরেরবার দেখা হলে আমি বুঝতে পারলাম, ডায়ানার জীবনে অন্য কেউ ঢুকে পড়েছে। কিন্তু সে আমার কাছে তা অস্বীকার করলো।”

দোদি ফায়েদের সঙ্গে অবকাশ যাপনে প্রিন্সেস ডায়ানা/ সংগৃহীত

“ব্যাটারসি পার্কের পর আমাদের সাক্ষাৎ হয় কেনসিংটন প্যালেসে। সেদিনই ডায়ানা আমাকে বলেছিল, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে।”

১৯৯৭ সালের আগস্টে প্রিন্সেস ডায়ানা ও দোদি ফায়েদ প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন।

“দ্য ক্রাউনের” পঞ্চম পর্বে ডায়ানা ও হাসনাত খানের অন্তরঙ্গ কাহিনি দেখানো হয়েছে। এমনকি হাসনাতের সঙ্গে দেখা করার পাশাপাশি দোদি ফায়েদের সঙ্গে নতুন প্রেমের ঘটনাও উঠে এসেছে এতে। সিরিজে অভিসার ও সময় গোপন রাখতে ডায়ানার ছদ্মবেশ ধারণের বিষয়ও দেখানো হয়েছে।

অপরদিকে, হাসনাত খানকে সাধারণ ও নিরীহ হিসেবে দেখানো হয়েছে, যিনি কোনো না কোনোভাবে ডায়ানার জীবনে জড়িয়ে পড়েন।

নির্মাতারা বলছেন, “ষষ্ঠ মৌসুমে দোদি ফায়েদের সঙ্গে ডায়ানার শেষ দুই মাস ও গাড়ি দুর্ঘটনাকে ঘিরে ষড়যন্ত্রের বিষয় দেখানো হবে।”

   

About

Popular Links

x