Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৩ বছর পর অনন্ত জলিলকে ছেড়ে অন্য নায়কের হাত ধরছেন বর্ষা

ডিএ তায়েব বলেন, অনন্ত ভাই নিজেই বলেছেন, ‘বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না।’ এটা উনার উদারতা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

ঢাকাই শোবিজের আলোচিত জুটি নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। ২০১০ সালে পর্দায় আসেন তারা। ২০১১ সালে করেন বিয়ে। পর্দায় আসার পর থেকে স্বামী-স্ত্রীই জুটি বেঁধে অভিনয় করেছেন প্রায় ৮টি ছবিতে। এবারই প্রথম স্বামীকে ছাড়া অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধছেন বর্ষা।

১৯৭৭ সালে হিন্দি সিনেমা “শোলে”র অনুকরণে দেওয়ান নজরুল নির্মাণ করেছিলেন “দোস্ত দুশমন”। সিনেমাটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার একই নামের সিনেমায় ডিএ তায়েবের সঙ্গে জুটি বাঁধবেন বর্ষা। সিনেমাটিতে অনন্ত জলিলকে দেখা যাবে, তবে তিনি মূল নায়কের ভূমিকায় থাকবেন না।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে ডিএ তায়েব এসব কথা জানান।

ডিএ তায়েব বলেন, “এই সিনেমায় (দোস্ত দুশমন) আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, ‘বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না।’ এটা উনার উদারতা, উনার ভালোবাসা।”

“খোঁজ দ্য সার্চ” (২০১০) দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার। এরপর তারা একসঙ্গে অভিনয় করেছেন “হৃদয়ভাঙা ঢেউ” (২০১১), “মোস্ট ওয়েলকাম” (২০১২), “নিঃস্বার্থ ভালোবাসা” (২০১৩) ও “মোস্ট ওয়েলকাম ২” (২০১৪)  “দিন দ্য ডে” (২০২২) “কিল হিম” (২০২৩) এবং মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের “নেত্রী দা লিডার”।

“কিল হিম” বাদে সব সিনেমার প্রযোজনা করেছেন ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল। “দিন দ্য ডে” নির্মিত হয়েছে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায়।

   

About

Popular Links

x