Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘তিন হাজার’ বছর পর নতুন সিনেমায় ওমর সানী

সানী বলেন, অনেকদিন হলো সিনেমার খাবার থেকে বঞ্চিত আমি। আসলে অভিনেতাদের এই ক্ষুধা আজীবনের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:২০ পিএম

দীর্ঘদিন ধরে নব্বই দশকের দাপুটে নায়ক ওমর সানীর কোনো সিনেমা মুক্তি না পেলেও আলোচনাতেই ছিলেন তিনি। প্রায়ই কোনো সহকর্মী নিয়ে মন্তব্য করে বা সামাজিক ইস্যু নিয়ে মন্তব্য করে শিরোনাম হয়েছেন।

দীর্ঘদিন পর “ডেডবডি” নামে নতুন একটি সিনেমায় যুক্ত হলেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন মো. ইকবাল। রবিবার (৮ অক্টোবর) রাতে বিএফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

ছবিটিতে যুক্ত হয়ে ওমর সানী অনুভূতি প্রকাশ করতে গিয়ে আক্ষেপের সুরে বলেন, “আমার জন্য দোয়া করবেন। প্রায় দুই থেকে তিন হাজার বছর পর একটা ছবি করছি। ভালো লাগছে। আশা করছি সুন্দর কিছু হবে।”

সানী বলেন, “অনেকদিন হলো সিনেমার খাবার থেকে বঞ্চিত আমি। আউটডোরে গেলে সেটা খেতে পারব। আসলে অভিনেতাদের এই ক্ষুধা আজীবনের।”

‘ডেডবডি’ ছবির প্রসঙ্গে তিনি বলেন, “গল্পটা শোনার পর আমি ইকবালকে একটাই প্রশ্ন করেছিলাম, এই ক্যারেক্টারটা করা উচিত হবে কিনা? ও জবাবে বলেছে, এটা করা উচিত ওমর সানীর জন্য। তখন আমি রাজি হয়ে যাই।”

এদিকে পরিচালক ইকবাল বললেন, “বন্ধু ওমর সানী বলেছে সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। আগামী ঈদেও আসব নতুন সিনেমা নিয়ে।”

এই ছবির নায়ক-নায়িকা হিসেবে থাকছেন জিয়াউল রোশান, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায় এনি। এছাড়া অভিনয় করবেন শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু প্রমুখ।

নায়ক হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন ওমর সানী। এরপর শূন্য দশকে ভিলেন চরিত্রেও বেশ কিছু কাজ করেছেন। কিন্তু আগের মতো সাফল্য আর সেভাবে আসেনি।

সাম্প্রতিক অতীতে জায়েদ খানের সঙ্গে মৌসুমীকে নিয়ে আলোচনায় আসেন সানী। রেস্টুরেন্ট ব্যবসায় বেশি মনোযোগী তিনি। কিছুদিন আগে দ্রব্যমূল্য নিয়ে আক্ষেপ প্রকাশ করে দেশের মানুষের মন জয় করেছিলেন তিনি।

   

About

Popular Links

x